জমিজমা বিরোধের জেরে হামলায় গুরুতর আহত ২, নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ।
- আপডেট সময় : ০১:০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ৫৩৩ Time View
মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া প্রতিনিধি :গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম এবং তার ভাইকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ৭টা ২০ মিনিটে রামচন্দ্রপুর গ্রামের নাসির শেখ ও তার ভাই নাজির শেখ সিংগীপাড়া বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রামচন্দ্রপুর বটতলা এলাকায় মারুফ শেখের চায়ের দোকানের সামনে পৌঁছালে একদল ব্যক্তি তাদের পথরোধ করে।
ভুক্তভোগীদের পরিবারের দাবি, পূর্ব শত্রুতার জেরে অভিযুক্তরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। হামলার একপর্যায়ে নাসির শেখের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারীরা লোহার রড ও হাতুড়ি দিয়ে দুই ভাইকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলার সময় নাজির শেখের পকেটে থাকা ৫৫ হাজার টাকা, একটি রেডমি-১২ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং নাসির শেখের ব্যবহৃত একটি ভিভো-০৭ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
আহতদের স্বজনরা দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ ঘটনায় সাবিনা বেগম নামে এক নারী টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি রামচন্দ্রপুর গ্রামের ১২ জনের নাম উল্লেখসহ আরও ৫/৬ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করেছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।













